গড়িয়া পুজোর প্রতি সম্মান জানিয়ে টিটিএএডিসি ভোটের দিন বদল, ১৩-এর বদলে ১২ই এপ্রিল এডিসি নির্বাচন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক নির্দেশিকা অনুযায়ী, জনজাতিদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব গড়িয়া পুজোকে মান্যতা জানিয়ে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) নির্বাচনের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে।
আগে ঘোষণা অনুযায়ী আগামী ১৩ এপ্রিল, ২০২৬ (সোমবার) ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে ওই দিন রাজ্যের জনজাতি সম্প্রদায়ের প্রধান উৎসব গড়িয়া পুজো পালিত হওয়ায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটের দিন একদিন এগিয়ে আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন TTAADC নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল, ২০২৬ (রবিবার)।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছিল। সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে উৎসবের মর্যাদা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, নির্বাচন সংক্রান্ত অন্যান্য সূচি পূর্বের মতোই বহাল থাকবে বলে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*