২৫ বছর সেবা, তবুও অনিশ্চয়তা—এসপিও জওয়ানদের ন্যায্য অধিকারের দাবিতে ২০ মার্চ স্মারকলিপি

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৯ মার্চ || রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় দীর্ঘ ২৫ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও আজও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) জওয়ানরা। স্থায়ী চাকরি, ন্যায্য বেতন এবং সামাজিক সুরক্ষার অভাবে চরম দুর্ভোগের মুখে পড়েছেন তাঁরা ও তাঁদের পরিবার।
এই দীর্ঘদিনের অবহেলার বিরুদ্ধে এবার সরব হয়েছেন এসপিও জওয়ানদের পরিবারের মহিলারা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২০ মার্চ রাজ্যের প্রতিটি জেলায় জেলাশাসকের মাধ্যমে ডিজিপি, স্বরাষ্ট্র দফতর ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে।
বর্তমানে এসপিও জওয়ানরা মাসিক মাত্র ১২ হাজার টাকা সম্মানী পান। মূল্যবৃদ্ধির এই সময়ে ওই অর্থে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। পাশাপাশি, ডিএ, চিকিৎসা সুবিধা, বিমা বা অবসরকালীন কোনো সুবিধা না থাকায় তাঁদের ভবিষ্যৎও অনিশ্চিত। অভিযোগ, চাকরিরত অবস্থায় কোনো জওয়ানের মৃত্যু হলে তাঁর পরিবার কার্যত অসহায় অবস্থায় পড়ে যায়—এমন একাধিক ঘটনাও ইতিমধ্যে সামনে এসেছে।
এই পরিস্থিতিতে জওয়ানদের স্ত্রী, মা ও বোনেরা একত্রিত হয়ে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। ২০ মার্চ প্রতিটি জেলার এসপির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠানো হবে। তাঁদের মূল দাবি—সম কাজে সম বেতন, অবিলম্বে চাকরির নিয়মিতকরণ এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা।
এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নীরবে দায়িত্ব পালন করা এসপিও জওয়ানদের পরিবারের নারীরাই এবার প্রতিবাদের সামনের সারিতে এসে দাঁড়ানোয় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এখন দেখার, রাজ্য সরকার এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*