আগরতলা রেলস্টেশনে বিপুল পরিমাণ মাদকসহ চারজন আটক, বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || রাজ্যের মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাত প্রায় ৯টা নাগাদ আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম এলাকা থেকে চারজন ব্যক্তিকে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকসহ আটক করা হয়।
ধৃতদের নাম যথাক্রমে পঙ্কজ রায় (২৮), পিতা মৃত ভুসন রায়, বাড়ি বিহারের বৈশালী জেলার জাফরাবাদ তক; সোনু কুমার (২৭), পিতা ইন্দ্রদেব রায়, বাড়ি বৈশালী জেলার পুরুষোত্তমপুর; মহঃ শাহাজান মিয়া (২৬), পিতা মহঃ বিল্লাল মিয়া এবং আব্দুল হান্নান (৩৬), পিতা মহঃ ইমান হোসেন, উভয়ের বাড়ি ত্রিপুরার সেপাহিজলা জেলার উরমাই এলাকায়।
জানা যায়, আগরতলা রেলস্টেশনের পার্কিং এলাকার সামনে, আরপিএফ পোস্ট ও পে-অ্যান্ড-ইউজ টয়লেটের মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে তাদের ট্রলি ও পিঠু ব্যাগ তল্লাশি করে মোট ২১৭ বোতল সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ‘চোকো+’ ও ‘ইস্কাফ’ কফ সিরাপ, যা নিষিদ্ধ মাদক হিসেবে ব্যবহৃত হয়।
পুলিশ সূত্রে খবর, উদ্ধারকৃত মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। অভিযানের পর চারজনকেই আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় 2026GRP017 নম্বর মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২১(সি)/২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*