আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। গতকাল বিকেলবেলা আড়ালিয়া শালবাগান এলাকায় এক যুবকের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৬.২ গ্রাম ব্রাউন সুগার, ৮০০টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৩২০০ টাকা এবং ৩টি মোবাইল ফোন। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক চক্রের সক্রিয়তার খবর পাওয়া যাচ্ছিল। সেই সূত্র ধরেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়। তিনি আরও জানান, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
