আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ || বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে ইনস্টিটিউট অব অ্যাডভ্যান্স স্টাডিস ইন এডুকেশনের উদ্যোগে এক দিনের রাজ্যস্তরের কর্মশালার আয়োজন করা হয়। দেশব্যাপী এনপিএসটি (NPST) ও এনএমএম (NMM) কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সক্ষমতা বৃদ্ধিই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।
এই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, শিক্ষা দপ্তরের আধিকারিকরা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। কর্মশালায় এনপিএসটি ও এনএমএম প্রকল্পের গুরুত্ব, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং তার কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নল্লু। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য এই ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে প্রকল্পগুলির সফল বাস্তবায়নে সহায়তা মিলবে।
