আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আগরতলার জিবি চত্বরে দুস্থ ও রোগীর পরিবারদের জন্য প্রতিদিন বিনামূল্যে খাবারের ব্যবস্থা করছে ‘রাহি’ সামাজিক সংস্থা। এই উদ্যোগে প্রতিদিন প্রায় ৬০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, যা স্বস্তি এনে দিচ্ছে বহু অসহায় পরিবারের জীবনে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের অনেক সময় খাবারের জন্য চরম সমস্যায় পড়তে হয়। সেই সমস্যার কথা মাথায় রেখেই ‘রাহি’ সংস্থা এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিদিন নিয়ম করে পুষ্টিকর খাবার বিতরণ করা হচ্ছে, যাতে কেউ অভুক্ত না থাকে।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
‘রাহি’ সামাজিক সংস্থার এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।
