সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ নভেম্বর || বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে ফের সরব হল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। মঙ্গলবার সারা ত্রিপুরার আটটি জেলায় একযোগে সংশ্লিষ্ট জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই জেলাতেও জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।
সংগঠনের পক্ষ থেকে মোট ১২ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হলো ২০২১ সালের গাইডলাইন অনুযায়ী স্কুল কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি কার্যকর করা। দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। পাশাপাশি চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধা, বেতন কাঠামোর উন্নয়ন এবং কম্পিউটার শিক্ষকদের সঙ্গে সম্পর্কিত অন্যান্য সমস্যার স্থায়ী সমাধানের দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্নভাবে নিজেদের দাবিদাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরছেন। কিন্তু এখনও পর্যন্ত একাধিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যজুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খোয়াইয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের রাজ্য কমিটির সদস্য শঙ্কু শর্মা, খোয়াই জেলা সভাপতি বিনয় কুমার সাহা এবং জেলা সাধারণ সম্পাদক আকাশ দাস-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো এই স্মারকলিপির মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।
