নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ।। ২৮শে মে থেকে ২৯শে মে পর্যন্ত দু’দিন ব্যাপী শুরু হচ্ছে অল ইন্ডিয়া ইয়ং রাইটার্স ফেস্টিভেল। শনিবার স্পকাল ১১টায় আগরতলাস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠানের উদ্বোধন করবেন আসামের প্রখ্যাত লেখক নগেন সইকিয়া। শুক্রবার এক সাংবাদিক সন্মেলনের মধ্য দিয়ে এই কথা জানান সাহিত্য একাডেমির সম্পাদক কে এস রাও। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সাহিত্য একাডেমির যৌথ উদ্যোগে এই ফেস্টিভেলের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শান্তনু দেববর্মণ, বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মুড়া সিং। সাহিত্য একাডেমির সম্পাদক কে এস রাও জানান, ত্রিপুরায় এই প্রথম যুব লেখকদের সন্মেলন হচ্ছে। সারা দেশ থেকে সংবিধান স্বীকৃত ২৪টি ভাষা সহ ২৭টি ভাষার ৪০ থেকে ৪৫ জন লেখক এই সন্মেলনে অংশ নেবেন। এর মধে রাজ্যের বাংলা, ককবরক, মগ, চাকমা ভাষার লেখকরাও অংশ নেবেন।
