আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি ৷৷ ১৯৭৩ সালে ১৯শে জানুয়ারী রাজ্যে ককবরক ভাষাকে সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারপর থেকে প্রতিবছরের ন্যায় এবছরও রাজ্যে পালিত হল ককবরক দিবস। আরও বেশী করে ককবরক ভাষা চর্চার আহবান জানিয়ে দশরথ দেব সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হলো ৪০তম ককবরক ভাষা দিবস। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ককবরক সাহিত্যিকদের সন্মাননা প্রদান করা হয়। শুক্রবার সন্ধায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন সচিব দাতামোহন জমাতিয়া। ককবরক ভাষা চর্চায় উল্লেখযোগ্য অবদানের জন্য অনুষ্ঠান মঞ্চে সাহিত্যিক নগেন্দ্র জমাতিয়া, স্নেহময় রায় চৌধুরী এবং গিত্য কুমার রিয়াংকে সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ককবরক কবি চন্দ্রকান্ত মুড়াসিং, এডিসি’র অতিরিক্ত মূখ্য কার্যনির্বাহী আধিকারিক সুবিকাশ দেববর্মা, ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকারের অধিকর্তা সুবল দেববর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা রবীন্দ্র রিয়াং, উপজাতি কল্যাণ দপ্তরের সচিব এল এইচ ডারলং।ককবরক দিবস উপলক্ষ্যে এদিন সকালে বর্ণাঢ্য র্যা লী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
