আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে বিজেপি’র বিরুদ্ধে একাই লড়বে বামফ্রন্ট। তারা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না। সোমবার পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন আগরতলা টাউন হলে সি পি আই (এম)-র ত্রিপুরা রাজ্য কমিটির ২২তম রাজ্য সম্মেলনের পূর্বে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট তিনটি শ্লোগানের উপর নির্ভর করে লক্ষ্য পূরণে এগিয়ে যাবে।তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি পূরণের দুইটি দাবি নিয়ে আগামী ৩০ নভেম্বর বামফ্রন্ট এবং অন্যান্য দলের সমর্থিত সংগঠনের লাখ লাখ কৃষক দিল্লীতে জড়ো হবে। তাদের দাবি দুটি হলো – কৃষকদের উৎপাদিত ফসল কেনার জন্য নূন্যতম নির্ধারিত মূল্য প্রদান এবং একবারের জন্য কৃষকদের ঋণ মওকুফ করে দেওয়া।
