নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী ।। প্রকৃতির বিধান অনুযায়ী বেশ কিছুদিন আগেই শীত মরশুম শুরু হয়ে গেছে, মরশুম শুরু হলেও প্রশ্ন হচ্ছে শীতের দাপট নিয়ে। এতদিন রক্ত জমাট করা শীতের দেখা না মিললেও, ঘাষের ডগায় শিশির চিক চিক করার দৃশ্য চোখে পড়ছে। ভোর বেলায় কুয়াশার দর্শনও পাওয়া গেছে, তবে অন্য কিছুদিনের তুলনায় রবিবার জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। প্রকৃতির আচরনে অনুমান করা যাচ্ছে হয়তো শীত সব গুছিয়ে নিয়ে আসরে অবতীর্ণ হতে যাচ্ছে। শীতের সরঞ্জামে সজ্জিত হয়ে ব্যস্ত পদচারনায় মানুষ পথ পাড়ি দিচ্ছেন এই দৃশ্য যেমন দেখা গেছে তেমনি পথের ধারে আগুনের পরশে একটু শরীর গরম করে নেউয়ার দৃশ্যও লক্ষ্য করা গেছে। রবিবার শীতের মরশুমে প্রচন্ড শীত উপলব্ধি হচ্ছে।
আগরতলা ও পাশ্ববর্তী এলাকায় তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে প্রায় ১১°৫C ডিগ্রি সেলসিয়সে। সকাল থেকেই ঠান্ডা হাওয়া। তীব্র শীতের সঙ্গে যুক্ত হয়েছে কুয়াশা। সন্ধ্যা হতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানীসহ গোটা রাজ্য। কুয়াশার কারণে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
