নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী ।। “সড়ক সুরক্ষা শুধুমাত্র স্লোগান নয় – এটা আমাদের বাঁচার পথ” –এই স্লোগানকে সামনে রেখে রবিবার, স্বামী বিবেকানন্দ ময়দানে সড়ক সুরক্ষা সপ্তাহ-২০১৫ উদযাপন অনুষ্ঠিত হয় । ১১ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত সপ্তাহ ব্যাপী চলবে এই আনুষ্ঠান। সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপনের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন
মন্ত্রী মানিক দে, স্বামী বিবেকানন্দ ময়দানে কুচকাওয়াজে সেলামী গ্রহন করেন পরিবহন মন্ত্রী । অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী তাঁর ভাষনে রাজ্যের সড়ক দুর্ঘটনা গতবারের তুলনায় হ্রাস পাওয়ার জন্য যানবাহন চালক, জনগণ সহ আরক্ষা দপ্তররের ভূমিকার প্রশংসার পাশাপাশি আত্মতুষ্টি সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দেন, সড়ক সুরক্ষায় সাধারন জনগনের ভূমিকা থেকে ট্রাফিক দপ্তরের ভূমিকা সহ নানা বিষয়ে আলোকপাত করেন তিনি।
রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে আরক্ষা বাহিনী সহ ট্রাফিক বাহিনীর জওয়ানরা সুদৃশ্য প্যারেডে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, রাজ্য পুলিশের ডিজিপি কে নাগরাজ, চিফ সেক্রেটারি জি কামেশ্বর রাও সহ আরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারীক এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ ড্রাইভিং স্কুলের কর্মকর্তারা। পুলিশ গ্রাউন্ডে প্যারেড চাক্ষুষ করতে উপস্থিত ছিলেন প্রচুর উৎসাহী দর্শক।
