আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || ৩রা মার্চ নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ৭৫’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজসেবী রাজিব ভট্টাচার্যী, বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ৭৫’তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিভিন্ন সাজে সজ্জিত ক্ষুদেদের সাথে সাক্ষাৎ যেন আমার বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ। তাদের এই প্রানবন্ততা আমাকে উজ্জীবিত করে। তিনি বলেন, বিগত দিনে শিক্ষাঙ্গনের মোরোকে কৌশলে আর্থিক লাভালাভের স্বার্থসিদ্ধির প্রবনতা কাটিয়ে, বর্তমানে প্রবাহমানতার সাথে ছাত্র ছাত্রীদের সমৃদ্ধশালী ভবিষ্যত নির্মাণ আমাদের অন্যতম প্রাধান্য। মুখ্যমন্ত্রী বলেন, রেশনিং ব্যবস্থা থেকে উচ্চশিক্ষা ক্ষেত্র পর্যন্ত স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কার্যপ্রণালী রূপায়িত হচ্ছে।
তিনি বলেন, সময়ের সাথে সামঞ্জস্য রেখে, মূল চালিকা শক্তি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিগতদিনের অনীহা থেকে পরিত্রানের লক্ষ্যে বর্তমানে সংকল্পবদ্ধ ভাবে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় মানের উপযোগী করে তোলার লক্ষ্যে গুচ্ছ সংস্কার ও ইতিবাচক উদ্যোগ নিয়েছে সরকার, নানান সাফল্যে যার বাস্তবিক প্রতিফলন মিলছে। শিক্ষাক্ষেত্র সহ সার্বিক কল্যানার্থে গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও প্রবাহমান ইতিবাচক কর্মসূচি সম্পর্কে বিদ্যালয়ে প্রার্থনা সভায় আলোচনার দ্বারা ছাত্র ছাত্রীদের সজাগ দৃষ্টিপাতে শিক্ষকদের যথার্থ ভূমিকা গ্রহণ আবশ্যক।
