দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ।। রাজ্যের পোড় খাওয়া CPI(M) সৈনিক তথা দীর্ঘ সময়ের মন্ত্রী অনিল সরকার সোমবার রাত ৭টা ৪০মিনিটে দিল্লীর এইমস হাসপাতালে মৃত্যুর লড়াইয়ে পরাজিত হয়েছেন। দীর্ঘ দিন অসুস্থ ছিলেন, বেশ কয়েকবার চিকিৎসার জন্য দিল্লীতে গিয়েছেন কিন্তু এবার আর ফিরতে পারলেন না। প্রয়াত অনিল সরকার বিধায়ক হিসেবে রেকর্ড সৃষ্টি করেছিলেন। শ্রী সরকার ব্যতিক্রমী ভাষনে অনেক সময় সংবাদ শিরোনাম হয়েছেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দারুন চিত্তাকর্ষক ছন্দময় কবিতায় সুনিপুন শিল্পীর মত অক্ষরে ফুটিয়ে তুলতেন নানা ঘটনা। সদ্য প্রয়াত শ্রী অনিল সরকার রাজ্য যোজনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে অধিষ্টিত ছিলেন, CPI(M)-র রাজ্য সম্পাদক মন্ডলির অন্যতম সদস্য হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত যুক্ত ছিলেন। শ্রী সরকারের মৃত্যু সংবাদ রাজ্যে এসে পৌঁছুতেই দলীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। ৭৬ বছর বয়সে দেহাবসান হয়েছে শ্রী অনিল সরকারের। দলীয় সূত্রে জানাগেছে, প্রয়াত অনিল সরকারের পার্থিব দেহ আগরতলার বিভাগীয় অফিসে রাখা হবে তাঁকে শেষ শ্রদ্ধা অর্পণের জন্য।
