আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || গত ২৩শে আগষ্ট রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও প্রতিনিধিদের উপস্থিতিতে ‘মায়ের গমন’ এবং ‘শারদ সম্মান ২০২২’ শীর্ষক এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেই প্রস্তুতি সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের পর্যালোচনা ও অগ্রগতি নিয়ে এবং আসন্ন শারদোৎসব উপলক্ষে ‘মায়ের গমন’ অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পশ্চিম জেলা ও সদর মহকুমা প্রশাসন সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে সোমবার রাজধানীর গান্ধীঘাটস্থিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কার্য্যালয়ের কনফারেন্স হল ঘরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শারদোৎসবকে কেন্দ্র করে এদিন আয়োজিত এই ‘মায়ের গমন’ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, নগরোন্নয়ম দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা।
