সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ জানুয়ারি || কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে নতুন ভোটার এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের হল গৃহে ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী রামেশ্বর তেলি তেলিয়ামুড়া বিধানসভার নতুন ভোটারদের সঙ্গে নব মতদাতা সম্মেলনে মিলিত হয়। এই নব মতদাতা সম্মেলন শেষে এদিন তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় যে সকল মানুষজনেরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি। এদিনের এই অনুষ্ঠান পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার জেলাশাসক আইএএস চাঁদনী চন্দ্রন, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা।
এদিনের এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে আগত নতুন ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ এবং তৎপরতা পরিলক্ষিত হয়। এই অনুষ্ঠান মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রামেশ্বর তেলি প্রথমেই নতুন করে যারা ভোটার হয়েছে তাদেরকে অভিনন্দন জানান এবং আগামী দিনে গণতন্ত্রকে বলিষ্ঠ করার জন্য তারা নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখবে বলে গভীর আশাবাদ প্রকাশ করেন। তাছাড়া, আগামী দিনে নতুন ভোটাররা দায়িত্ব সহকারে সেই উন্নয়নের কর্মযজ্ঞে শামিল থাকতে অভিমত প্রকাশ করেন।
