কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে ‘কবি প্রণাম’ অনুষ্ঠান উদযাপিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ‘কবি প্রণাম’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্রোহী কবির সাহিত্যকীর্তি, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর একে একে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুলগীতি, কবিতা আবৃত্তি এবং আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, “বিদ্রোহী কবির অমর সৃষ্টি, মানবতার বাণী ও সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান আমাদের মননে ও কর্মে চিরভাস্বর হয়ে থাকুক। তাঁর চেতনায় আজও আমরা পথ চলার প্রেরণা পাই।”
কবির বিদ্রোহী সত্তা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবতার জয়গান আজও সমান প্রাসঙ্গিক বলে অনুষ্ঠানে বক্তারা মত প্রকাশ করেন। তারা জানান, নতুন প্রজন্মের কাছে নজরুলের ভাবধারা ছড়িয়ে দিতে সরকার ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নজর কাড়ে। তারা কবির লেখা থেকে পাঠ ও সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। সমগ্র অনুষ্ঠানে ছিল এক আবেগঘন এবং ঐতিহ্যবাহী আবহ, যেখানে উঠে এসেছে বিদ্রোহ, প্রেম, প্রতিবাদ ও মানবতার জয়গান।
অনুষ্ঠান শেষে রাজ্যের সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা নজরুল চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সরকারের প্রতি আহ্বান জানান, নজরুল চর্চার জন্য পৃথক কেন্দ্র স্থাপন ও নিয়মিত কর্মসূচি গ্রহণের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*