আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এখন থেকে আগরতলা পুর নিগম এলাকায় শুধুমাত্র নির্দিষ্ট রঙের — সামনের অংশে গোলাপী রঙ করা — অটোরিক্সাগুলিই চলাচলের অনুমতি পাবে। অন্য মহকুমার অটোদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, তবে কিছু জরুরি ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হবে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।
গত ১০ই জুন পরিবহণ মন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ, স্বরাষ্ট্র ও ট্রাফিক দপ্তরের শীর্ষ কর্তারা। মঙ্গলবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সিদ্ধান্তগুলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
নতুন নিয়মাবলী কী বলছে?
পরিবহণ মন্ত্রী জানান, আগরতলা পুর নিগম এলাকায় অনুমোদিত অটোগুলিকে আলাদা করে চিহ্নিত করতে সামনের অংশ গোলাপী রঙে রাঙাতে হবে।
শহরের বাইরের অন্য মহকুমার অটো নিষিদ্ধ থাকবে নিগম এলাকায়।
বিশেষ প্রয়োজন (যেমন হাসপাতালে যাওয়া বা বিমানযাত্রা) হলে প্রমাণপত্র দেখিয়ে অস্থায়ীভাবে প্রবেশের অনুমতি মিলতে পারে।
প্রতিটি অটোচালককে বাধ্যতামূলকভাবে রুট পারমিট প্রদর্শন করতে হবে এবং পারমিট লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বেসরকারি গাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা:
মন্ত্রী আরও জানান, ব্যক্তিগত রেজিস্ট্রিকৃত গাড়িগুলি যেভাবে স্কুলগামী ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মীদের বহন করছে, তা আইনবিরুদ্ধ। কারণ এই গাড়িগুলোর কোনও বাণিজ্যিক লাইসেন্স নেই। ফলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে জানানো হবে যে, কেবলমাত্র বাণিজ্যিক লাইসেন্সধারী গাড়িগুলিই পরিবহন পরিষেবায় যুক্ত থাকতে পারবে। তিনি গাড়ির মালিকদের বাণিজ্যিক লাইসেন্স নিতে আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহণ সচিব ইউ. কে. চাকমা, অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, আইজি (আইন শৃঙ্খলা) ইপার মানচাক দয়ানবা এবং এসপি (ট্রাফিক) কান্তা জাঙ্গীর।
