পুরাতন আগরতলায় খার্চি উৎসবের শুভ সূচনা: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতা মন্দিরে উদ্বোধনী পর্ব সম্পন্ন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || ত্রিপুরার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খার্চি পূজা উপলক্ষে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে সাতদিন ব্যাপী উৎসব ও প্রদর্শনী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার শুভ উপস্থিতিতে এই মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরার জাতি ও জনজাতিদের ঐক্য, ভক্তি ও সংস্কৃতির প্রতীক এই শতাব্দী প্রাচীন খার্চি উৎসব উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এই ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের।”
চতুর্দশ দেবতার আশীর্বাদ কামনা করে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “আমি দেবতাদের নিকট রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।” তিনি আরও জানান, এই উৎসব সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।
এই উপলক্ষে পুরাতন হাবেলীর ঐতিহ্যবাহী মন্দির প্রাঙ্গণে বসেছে লোকসংস্কৃতি, হস্তশিল্প, স্থানীয় পণ্য ও খাদ্যরসিকদের জন্য নানা ধরনের স্টল সমৃদ্ধ প্রদর্শনী ও মেলা। উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ খয়েরপুরে এসে ভিড় জমাচ্ছেন।
উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্টজনেরা।
উৎসব চলবে আগামী সাতদিন ধরে, যেখানে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং লোকজ ঐতিহ্যের অনুপম প্রদর্শন। রাজ্য সরকারের উদ্যোগে উৎসবস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ও সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*