বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে অশান্তি, মহিলা কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর || শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে এক মহিলা কর্মীর বিরুদ্ধে অফিসকর্মীদের মারধর ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বুধবার ওই মহিলা কর্মী পায়ের জুতা খুলে অফিসের কয়েকজন কর্মীর দিকে নিক্ষেপ করেন। এসময় গালিগালাজের পাশাপাশি উচ্চস্বরে চিৎকার করতে দেখা যায় তাঁকে। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
অফিস সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে এই মহিলা কর্মীকে দপ্তরে নিয়োগ করা হয়। তারপর থেকেই তিনি সহকর্মীদের নানা ভাবে হেনস্থা করে আসছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার অফিসে গিয়ে বিষয়টি খতিয়ে দেখতে গেলে কয়েকজন কর্মী ক্ষোভ উগরে দিয়ে জানান, ২০২০ সালেও একই ধরনের আচরণের অভিযোগ ওঠায় ওই কর্মীকে অন্যত্র বদলি করা হয়েছিল। কিন্তু ফের শান্তিরবাজার অফিসে যোগ দেওয়ার পর থেকে তাঁর বেপরোয়া আচরণে দপ্তরের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে।
অভিযোগ, অফিসের একটি কম্পিউটার তিনি এককভাবে দখল করে বসে থাকেন। অন্য কেউ সেই কম্পিউটারে কাজ করতে চাইলে তিনি তীব্র আপত্তি জানান। বুধবার সেই নিয়েই বিবাদের সূত্রপাত হয়, যা শেষে হাতাহাতি এবং জুতা নিক্ষেপের ঘটনায় রূপ নেয়।
অফিসকর্মীদের অভিযোগ, সবকিছু জানার পরও বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। এর ফলে প্রতিনিয়ত কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন। তাঁদের দাবি, অবিলম্বে দপ্তরের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, নচেৎ ভবিষ্যতে আরও অশান্তির পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এখন নজর রয়েছে বিদ্যালয় পরিদর্শকের ভূমিকার দিকে—কী পদক্ষেপ নেন তিনি, সেটাই দেখার বিষয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*