গোপাল সিং, খোয়াই, ২২ সেপ্টেম্বর || সদ্য গঠিত ত্রিপুরা রাজ্য সবর জাতি ঐক্য সমিতির উদ্যোগে উনকোটি জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কৈলাসহরের বিভিন্ন চা বাগানে বসবাসকারী সবর, দিগার ও খাড়িয়া জাতিগোষ্ঠীর শতাধিক মানুষ জড়ো হন জেলা শাসকের দফতরে। স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেন পাঁচ সদস্যের প্রতিনিধি দল—যার মধ্যে ছিলেন লালবাবু সবর, রতন দিগার, উদয় সবর প্রমুখ।
প্রতিনিধিরা জানান, ত্রিপুরায় চা শিল্প গড়ে ওঠার সময় থেকেই সবর জাতি গোষ্ঠীর মানুষরা চা বাগান এলাকায় বসবাস করছেন। ভারতের প্রায় সমস্ত রাজ্যেই এই সম্প্রদায়কে সিডিউলড ট্রাইব (এসটি) হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে তাদের প্রিমিটিভ ট্রাইব গ্রুপ হিসেবেও ঘোষণা করা হয়েছে। কিন্তু ত্রিপুরায় একই সম্প্রদায়ের মানুষদের এসসি (সিডিউলড কাস্ট) হিসাবে ঘোষণা করা হয়েছে। এর ফলে তারা এসটি সম্প্রদায়ভুক্তদের প্রাপ্য সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছেন। সবর জাতি ঐক্য সমিতির দাবি—এই বৈষম্য অবিলম্বে দূর করে ত্রিপুরাতেও সবর জাতিকে এসটি স্বীকৃতি দিতে হবে, যাতে তারা তাদের প্রকৃত সাংবিধানিক অধিকার ভোগ করতে পারেন। এই দাবির প্রেক্ষিতে জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
