আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || রাষ্ট্র নির্মাণের এক অনন্য মহামন্ত্র — ‘বন্দে মাতরম’। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গান আজও জাগিয়ে রাখে দেশপ্রেমের অমর চেতনা। ১৮৭৫ সালে রচিত এই সঙ্গীতই একসময় উদ্বুদ্ধ করেছিল দেশবাসীকে পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শুক্রবার, ৭ই নভেম্বর থেকে শুরু হলো ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি বর্ষব্যাপী উদযাপন। এই উপলক্ষে আজ ত্রিপুরা রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জে. কে. সিনহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি. কে. চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিল্পী সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘বন্দে মাতরম’ সঙ্গীত। গানটির প্রতিটি শব্দচয়নে মুখ্যমন্ত্রী ও উপস্থিত সকলের মধ্যে ছড়িয়ে পড়ে গভীর আবেগ ও দেশপ্রেমের অনন্য সঞ্চার।
এদিন ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণামূলক বক্তব্যও শ্রবণ করেন উপস্থিত অতিথিরা। দেশমাতৃকার বন্দনায় রচিত এই অমর সৃষ্টির মাহাত্ম্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই গান আগামী প্রজন্মকে দেশপ্রেম, আত্মত্যাগ ও ঐক্যের চেতনা জাগ্রত করবে।
রাজ্য সচিবালয় চত্বরে এদিনের অনুষ্ঠান দেশপ্রেমে মুখরিত হয়ে ওঠে — সত্যিই ‘বন্দে মাতরম’ আজও আমাদের জাতীয় চেতনার প্রাণস্পন্দন।
