আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || বড়জলার লঙ্কামুরা গ্রামের সবুজ ধানক্ষেত যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে তুলেছে। চারদিকে দুলছে সোনালি স্বপ্নের প্রতিচ্ছবি। এখানকার কৃষক বিষ্ণুপদ অধিকারীর ৫ কানি জমিতে কৃষি দপ্তরের সহায়তায় চাষ হচ্ছে ছয় প্রজাতির ধান— কালী খাসা, হরি নারায়ণ, কালা নমক, বাঁশপাতি সহ অন্যান্য জাত।
শুক্রবার রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ওই ক্ষেত পরিদর্শনে যান। আর সেখানেই চাষির পাশে দাঁড়িয়ে কাচি হাতে নিজে ধান কাটতে নামেন মন্ত্রী। বাঁশপাতি জাতের ধান কাটার অনুষ্ঠানে অংশ নিয়ে অন্নদাতা কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।
কৃষকদের ঘামের গন্ধে মিশে থাকা মাটির আশীর্বাদ যেন স্পর্শ করল সকলকে। কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এ বছর ফলন আশাব্যঞ্জক। উন্নত জাতের চাষে মুখে ফুটেছে কৃষকের তৃপ্তির হাসি।
প্রকৃতি, পরিশ্রম আর প্রযুক্তির সার্থক সংমিশ্রণে লঙ্কামুরা আজ সত্যিই —
“সুজলাং সুফলাং শস্য শ্যামলাং… বন্দেমাতরম।”
