আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর || নেশার করাল গ্রাস থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখতে আবারও সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে এলো পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার প্রাচ্য ভারতী বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশেষ সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিশোর-যুবসমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা—নেশার কুফল—নিয়ে বিস্তারিত আলোচনা করেন পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ।
সভায় ওসি সুব্রত দেবনাথ ছাত্রছাত্রীদের সামনে নেশার ভয়াবহতা ও শারীরিক–মানসিক ক্ষতির দিক তুলে ধরেন। পাশাপাশি মাদকের ফাঁদ থেকে দূরে থাকার উপায়, আত্মনিয়ন্ত্রণ, সচেতনতা ও সমাজের সহায়তা বিষয়ে স্পষ্ট দিকনির্দেশ দেন তিনি।
ওসির বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ছাত্রছাত্রীরা জানান, এই আলোচনা তাঁদের ভবিষ্যতে নেশা থেকে দূরে থাকতে কার্যকর ভূমিকা রাখবে। বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমপক্ষে তিন শতাধিক ছাত্রছাত্রী।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সচেতন করে সমাজকে নেশামুক্ত রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
