আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || আগামীকাল ১২ই ডিসেম্বর ট্যুরিজম ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত জুবিন নটিয়াল কনসার্টকে ঘিরে বৃহস্পতিবার পাস বিতরণের শেষ দিনে দেখা গেল ব্যাপক বিশৃঙ্খলা। সকাল থেকেই গীতাঞ্জলি গেস্ট হাউসের সামনে ভিড় বাড়তে থাকে। বিকেল পাঁচটা পর্যন্ত পাস বিতরণ চলবে বলে ঘোষণা করা হলেও পরে সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ছ’টা পর্যন্ত করা হয়।
তবে নির্ধারিত সময়সীমা পেরোতেই কর্তৃপক্ষ জানিয়ে দেয়—পাস শেষ, আর বিতরণ হবে না। এই ঘোষণার পরই অপেক্ষমাণ বহু দর্শক ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, হঠাৎ পাস বন্ধের খবর পেয়ে জনতার একাংশ মেইন গেট ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অবস্থার অবনতি ঘটলে পুলিশ এগিয়ে আসে। ভিড় নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠিচার্জ করা হয় বলেও পুলিশ সূত্রে জানা গেছে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
দর্শকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানান, “আগে জানালে এমন বিশৃঙ্খলা হতো না। মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পাস পেল না।”
অন্যদিকে প্রশাসনের বক্তব্য, নির্ধারিত সংখ্যার বাইরে পাস বিতরণ সম্ভব ছিল না। ভিড় নিয়ন্ত্রণ করতেই কঠোর ব্যবস্থা নিতে হয়েছে বলেও জানানো হয়।
এদিকে কনসার্টের দিন ভেন্যুর নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
