সাব্রুমে কংগ্রেসের ‘মনরেগা বাঁচাও’ কর্মসূচি, গণ অবস্থান

আপডেট প্রতিনিধি, সাব্রুম, ৩০ জানুয়ারি || শুক্রবার সাব্রুম শহরে ভারতের জাতীয় কংগ্রেসের ৪০ নম্বর সাব্রুম ব্লক কংগ্রেসের উদ্যোগে ‘মনরেগা বাঁচাও’ কর্মসূচিকে সামনে রেখে এক গণ অবস্থানের আয়োজন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে কংগ্রেস কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণ অবস্থানে ভাষণ দেন প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি শংকর মল্ল। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতার কারণে মনরেগা প্রকল্প কার্যত বিপর্যস্ত হচ্ছে। গরিব ও প্রান্তিক মানুষের ন্যায্য কাজ ও মজুরি সুরক্ষিত রাখতে কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে।
এছাড়াও বক্তব্য রাখেন সাব্রুম ব্লক কংগ্রেস সভাপতি মনোরঞ্জন দত্ত। তিনি অভিযোগ করেন, মনরেগা প্রকল্পে কাজের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবিকা সংকটে পড়েছে। অবিলম্বে পর্যাপ্ত কাজ ও সময়মতো মজুরি প্রদানের দাবি জানান তিনি।
কংগ্রেস নেতা সুশীল দে তাঁর বক্তব্যে বলেন, মনরেগা শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি গ্রামীণ মানুষের বাঁচার অধিকার। এই অধিকার রক্ষায় কংগ্রেস রাজপথে লড়াই চালিয়ে যাবে।
কর্মসূচি চলাকালীন মনরেগা প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন, কাজের সংখ্যা বৃদ্ধি ও বকেয়া মজুরি দ্রুত পরিশোধের দাবিতে স্লোগান ওঠে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই গণ অবস্থান কর্মসূচি শেষে কংগ্রেস নেতৃত্ব আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিত দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*