ভাঙা কালভার্টে বিপন্ন জনজীবন: ক্ষোভে ফুঁসছে গন্ডাছড়ার ৬০ কার্ড গ্রামবাসী

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৪ ফেব্রুয়ারী || গন্ডাছড়া মহকুমা শহর এলাকায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ কালভার্ট বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ৬০ কার্ড গ্রামের বাসিন্দারা। ৬০ কার্ড শ্মশানঘাট সংলগ্ন ওই কালভার্টটি প্রায় ১০–১২ বছর আগে ভেঙে পড়ে। এরপর থেকে পঞ্চায়েত, ব্লক অফিস ও মহকুমা শাসকের দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোনো সংস্কার কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
বর্তমানে ভাঙা কালভার্টের উপর দিয়ে দুটি বৈদ্যুতিক খুঁটির ভরসায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। সামান্য পা পিছলালেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকছে। বাইক, সাইকেল কিংবা অন্য কোনো যানবাহন নিয়ে চলাচল কার্যত বন্ধ। স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে প্রবীণ মানুষ—সকলেই প্রতিদিন আতঙ্ক নিয়ে এই পথ পারাপার করছেন। এমনকি গবাদি পশু পারাপার করাতেও বিপদের মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের।
পরিস্থিতি এতটাই শোচনীয় যে, এলাকায় কেউ মারা গেলে মরদেহ শ্মশানঘাটে নিয়ে যেতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবারগুলিকে। পুরাতন টাউন হল সংলগ্ন বিকল্প রাস্তায় ঘুরপথে যেতে হওয়ায় শেষকৃত্যের সময়ও বাড়ছে ভোগান্তি।
এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে আমরা কষ্ট ভোগ করছি। পঞ্চায়েত থেকে মহকুমা শাসকের দপ্তর—সব জায়গায় গিয়েছি, কিন্তু কোনো ফল মেলেনি।” অন্য এক অভিভাবক জানান, প্রতিদিন সন্তানকে স্কুলে পাঠানোর সময় তাঁর মনে আতঙ্ক কাজ করে।
মহকুমা শহরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থা চলতে থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, অবিলম্বে কালভার্টটি সংস্কার করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষের জীবনমান ও নিরাপত্তা সুরক্ষিত থাকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*