সুব্রত দাস, গন্ডাছড়া, ২৪ ফেব্রুয়ারী || ধলাই জেলার অমৃত পাড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের এক সশস্ত্র ক্যাডারকে গ্রেপ্তার করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ধৃত ব্যক্তির নাম অ্যাপোলো চাকমা।
বিএসএফ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে অমৃত পাড়া ক্যাম্পের গেট নম্বর দুই এলাকায় নিয়মিত টহল চলাকালীন সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখা যায় এক ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে জওয়ানরা তাকে চ্যালেঞ্জ করে আটক করে। তল্লাশির সময় তার কাছ থেকে একটি ওয়্যারলেস ওয়াকি-টকি সহ বেশ কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সামগ্রী এবং তার গতিবিধিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা সংশ্লিষ্ট আধিকারিকরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে বিএসএফ ধৃত ব্যক্তিকে রইস্যাবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে স্থানীয় আদালতে সোপর্দ করে।
এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধলাই জেলার সীমান্ত এলাকায় অতীতেও একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে।
ধৃত ব্যক্তির সঙ্গে কোনো সংগঠনের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগ। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
