দীর্ঘ প্রতীক্ষার অবসান: সাব্রুমে ছাগলনাইয়া বাঁধ নির্মাণের কাজ পুনরায় শুরু, উপকৃত হবেন ৬০০ কৃষক পরিবার

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৪ ফেব্রুয়ারী || সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি আর ডি ব্লকের অধীনে ছাগলনাইয়া বাঁধ নির্মাণের কাজ অবশেষে আবারও শুরু হয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার কারণে বাঁধ নির্মাণের কাজ মাঝপথে থমকে যায়। ফলে সমরেন্দ্রগঞ্জ থেকে মাধবনগর সীমান্তবর্তী এলাকার কৃষকদের দীর্ঘদিনের আশা অনিশ্চয়তার মুখে পড়ে।
সম্প্রতি পোয়াংবাড়ি আর ডি ব্লকের উদ্যোগে এবং স্থানীয় কমিউনিটি লিডারদের সক্রিয় তৎপরতায় পুনরায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে প্রায় ৫০০ থেকে ৬০০ কৃষক পরিবার সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগুলির কৃষকদের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে।
পোয়াংবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক দাস এবং ভাইস চেয়ারম্যান দীপক দেবনাথের সক্রিয় ভূমিকার ফলেই কাজটি পুনরায় শুরু সম্ভব হয়েছে বলে দাবি করেছেন বিজেপির কৃষক নেতা মিটু মজুমদার। তিনি আজ সংবাদ মাধ্যমকে জানান, “দীর্ঘ সময়ের দাবি মেনে বাঁধ নির্মাণের কাজ আবার শুরু হওয়ায় এলাকার কৃষক সমাজ অত্যন্ত আনন্দিত। বিজেপি জোট সরকার কৃষক কল্যাণে অঙ্গীকারবদ্ধ এবং সেই লক্ষ্যেই কাজ করছে।”
এলাকার সাধারণ মানুষ ও কৃষক মহলে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। বহু প্রতীক্ষিত এই বাঁধ নির্মাণ শেষ হলে কৃষিজমি রক্ষা ও উৎপাদন বৃদ্ধি—দু’দিকেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*