গোপাল সিং, খোয়াই, ২৫ ফেব্রুয়ারী || খোয়াই শহরের উপকণ্ঠে বাংলাদেশী নাগরিক আটক। সুভাষপার্ক পুলিশ ফাঁড়ি এবং ‘স্পেশাল সিভিল টিম’-এর যৌথ প্রচেষ্টায় বাংলাদেশী নাগরিককে আটক করা সম্ভব হয়। ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশের ঘটনা খোয়াই জেলার সীমান্তবর্তী এলাকায় অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠছে। বিশেষ করে আশারামবাড়ি, বনবাজার এবং পহরমুড়া সংলগ্ন সীমান্ত অঞ্চল দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর ভূমিকা নিয়েও জনমনে ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে প্রায় ১০টা নাগাদ আশারামবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের পর এক বাংলাদেশি নাগরিক সুভাষপার্কে ঘুরাঘুরি করছিল। পুলিশ প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়। ধৃত ব্যক্তির নাম রতন বর্মন। সে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা অন্তর্গত নিকলী থানার পরবাজিপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁর কাছ থেকে ৫০০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে দাবি, সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে মাঝেমধ্যেই অনুপ্রবেশের ঘটনা ঘটছে, যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। এদিকে সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করছেন অনেক বাসিন্দা। জনগণের অভিযোগ, অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর নজরদারি প্রয়োজন। এদিকে ধৃত বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পুরো ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দাবি জনগণের।
