আন্তর্জাতিক নারী দিবস উদযাপন: নারীর ক্ষমতায়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান টিংকু রায়ের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, নারীরা শক্তি, সাহস ও সম্ভাবনার প্রতীক। তাঁদের অগ্রযাত্রা যত দৃঢ় হবে, সমাজ ও দেশ ততই সমৃদ্ধ ও উন্নত হবে। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমাজ গঠনে নারীর অবদান কতটা গুরুত্বপূর্ণ, অপরিহার্য ও অনন্য।
মন্ত্রী আরও বলেন, সকল নারী ও কন্যা শিশুর জন্য ন্যায়, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নারীর ক্ষমতায়ন, সম্মান ও স্বনির্ভরতার পথকে আরও সুদৃঢ় করতে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং নারী দিবসকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*