মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘স্যন্দন’-এর সাংবাদিক নন্দন চক্রবর্তী, সাংবাদিক মহলে শোকের ছায়া

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ মার্চ || ভোরের নিস্তব্ধতা ভেঙে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাংবাদিক। মৃতের নাম নন্দন চক্রবর্তী, তিনি আগরতলার রামনগর এলাকার বাসিন্দা এবং ‘স্যন্দন’ পত্রিকার কর্মরত সাংবাদিক ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর আসে, মহকুমার রাজাপুর এলাকার কিছুটা দূরে একটি স্কুটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তায় এক ব্যক্তি পড়ে রয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আগরতলা থেকে বিলোনিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে টি আর ০১ এ কে ৮২৩৬ নম্বরের স্কুটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন নন্দন চক্রবর্তী এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মনপাথর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি উদ্ধার করে এবং ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই অকাল মৃত্যুতে শান্তিরবাজার সহ গোটা সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*