বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ মার্চ || প্রতি বছরের ন্যায় এবারও শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং ও মুহুরী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বারুণী মেলা। এই পুণ্য উপলক্ষকে কেন্দ্র করে এদিন ভোর থেকেই হাজারো হাজারো মানুষের ঢল নামে মেলাপ্রাঙ্গণে।
ধর্মীয় বিশ্বাস ও প্রাচীন রীতিনীতি মেনে ভক্তরা নদীর সঙ্গমস্থলে পুণ্যস্নান করেন এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জল অর্পণ করতে দেখা যায়। দূরদূরান্ত থেকে আগত মানুষের উপস্থিতিতে এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।
মেলাকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরাও তাঁদের দোকানপাট নিয়ে হাজির হন। খেলনা, মিষ্টি, স্থানীয় হস্তশিল্পসহ নানান সামগ্রীর পসরা বসে মেলার চত্বর জুড়ে, যা আকর্ষণ করে দর্শনার্থীদের।
মেলা কমিটির উদ্যোগতারা জানান, প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মেলার আয়োজন করা হয়েছে। নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয় প্রশাসনের সহযোগিতায়।
সব মিলিয়ে, ধর্মীয় আচার, লোকজ সংস্কৃতি এবং মানুষের মিলনমেলায় মুখর হয়ে ওঠে লাউগাংয়ের ঐতিহ্যবাহী বারুণী মেলা।
