আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের নির্ধারিত তারিখ পরিবর্তন নিয়ে রাজ্যে জোর রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রেজারি ও বিরোধী বেঞ্চ—উভয় পক্ষের সম্মতিতে এডিসি নির্বাচনের দিন ১২ই এপ্রিল নির্ধারণের প্রস্তাব রাজ্য বিধানসভা থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে, নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে সরব হয়েছে শাসকদল বিজেপিও। দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত কারণ উল্লেখ করে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।
অন্যদিকে, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সামাজিক মাধ্যমে পোস্ট করে বর্তমান নির্ধারিত ভোটের দিন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেন, এডিসি ভোটের দিন আদিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ‘হাড়ি-বুইসু’ পরব পড়ছে। এই প্রেক্ষিতে ভোটের দিন নির্ধারণের আগে নির্বাচন কমিশনের আরও বিবেচনা করা উচিত ছিল বলে তিনি মত প্রকাশ করেন।

ইতিমধ্যেই কংগ্রেস, সিপিআই(এম) ও তিপ্রা মথা দল নির্বাচনের দিনক্ষণ নিয়ে আপত্তি জানিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বিজেপিও, ফলে বিষয়টি নিয়ে সর্বদলীয় চাপ তৈরি হয়েছে।
এছাড়াও, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রধান সমাজপতিরাও নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন। এদিন এক সাংবাদিক সম্মেলনে আদিবাসী সমাজপতি সংগঠনের পক্ষ থেকে বীরেন্দ্র ত্রিপুরা নারান জানান, উৎসবের সময়ে নির্বাচন হলে সাধারণ মানুষের অংশগ্রহণ ব্যাহত হতে পারে।
পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনে দিনক্ষণ পরিবর্তন নিয়ে সকাল থেকেই তৎপরতা শুরু হয়েছে বলে সূত্রের খবর। এখন কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।
