তেলিয়ামুড়ায় বিজেপি নেতার বাড়িতে রাতভর হামলা, ভাঙচুরে চুরমার ঘরবাড়ি! প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে পালালেন নেতা

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল || তেলিয়ামুড়া এলাকায় বিজেপির এক বুথ সভাপতির বাড়িতে গভীর রাতে দুষ্কৃতীদের বেধড়ক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতভর চলা এই হামলায় বাড়িঘর ব্যাপকভাবে ভাঙচুর করা হয় এবং আসবাবপত্র তছনছ করে দেওয়া হয়।
জানা যায়, আক্রান্ত ব্যক্তি রসিদ মিঁয়া, যিনি বিজেপির খোয়াই জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। ঘটনার সময় হঠাৎই একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করলে আত্মরক্ষার তাগিদে রসিদ মিঁয়া তাঁর পরিবারকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
স্থানীয় সূত্রে খবর, হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ভেঙে ফেলে এবং ঘরের ভেতরে থাকা মূল্যবান সামগ্রী নষ্ট করে দেয়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই হামলার পেছনে কারা জড়িত, তা স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।
এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*