দুই থানায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ, অচল খোয়াই—ভোগান্তিতে সাধারণ মানুষ

গোপাল সিং, খোয়াই, ১৯ এপ্রিল || নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে খোয়াই জেলার দুই থানায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে রবিবার সকাল থেকে ব্যাপক জনবিক্ষোভ ও জাতীয় সড়ক অবরোধের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে গোটা জেলার জনজীবন। খোয়াই-কমলপুর সড়কের বেহালাবাড়ি এবং খোয়াই-আগরতলা সড়কের ছনখলা এলাকায় অবরোধ গড়ে তোলেন ক্ষুব্ধ জনতা। একই সঙ্গে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বেলফাং নাকা পয়েন্টেও পথ অবরোধের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, চম্পাহাওড় থানা এবং বাইজালবাড়ি থানায় আটক ব্যক্তিরা সম্পূর্ণ নিরপরাধ, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। এই দাবিতে সকাল থেকেই বেহালাবাড়ি ও ছনখলা—দুটি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা আটকে বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ। আকস্মিক এই অবরোধের ফলে খোয়াইয়ের সঙ্গে আগরতলা ও কমলপুরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুটি প্রধান জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রীরা। বিশেষ করে বিমান ধরতে আগরতলা অভিমুখী যাত্রী এবং গুরুতর অসুস্থ রোগীদের বহনকারী যানবাহন দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে। নিত্যযাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলি রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ায় তীব্র রোদে নাজেহাল অবস্থা তৈরি হয়।
পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং আশারামবাড়ী কেন্দ্রের এমডিসি প্রশমিত দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা পুরো ঘটনার উপর প্রতিক্রিয়া জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত, অবরোধ তুলে নেওয়া হয়নি এবং যান চলাচল স্বাভাবিক হয়নি। দিনভর এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই জেলাজুড়ে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*