বলরাম দেবনাথ, সাব্রুম, ১৬ নভেম্বর || দীর্ঘ ৩৫ দিনের উৎকণ্ঠা ও অপেক্ষার অবসান ঘটল এক মর্মান্তিক পরিণতির মধ্য দিয়ে। রবিবার সন্ধ্যায় বাড়ির পাশের গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো নিখোঁজ ১৭ বছর বয়সি নবনীতা বৈদ্যের কঙ্কালসার দেহাবশেষ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়া থানাধীন মাইছড়া ঘাটিপাড়া এলাকায়। কীভাবে মৃত্যু হলো ওই কিশোরীর, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।
জানা যায়, গত ১১ অক্টোবর বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল নবনীতা বৈদ্য। সে মাইছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনও সন্ধান পাননি। অবশেষে পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়।
এরপর কেটে যায় দীর্ঘ ৩৫ দিন। পরিবারের অপেক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটে রবিবার সন্ধ্যায়, যখন বাড়ির পাশের গভীর জঙ্গলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কালসার দেহাবশেষ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে দেহাবশেষ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। পরবর্তী সময়ে দেহাবশেষ ময়নাতদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, পরিবারের পক্ষ থেকে জানা গেছে, একটি ছেলের সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল নবনীতার। পরবর্তীতে ওই সম্পর্কের বিচ্ছেদ হওয়ার পর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে দাবি করেছেন তার বাবা। তবে ওই সম্পর্কের সঙ্গে নবনীতার নিখোঁজ হওয়া কিংবা মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। বাড়ির এত কাছের গভীর জঙ্গলে কীভাবে পৌঁছাল নবনীতা? দীর্ঘ ৩৫ দিন ধরে দেহাবশেষ ওই জঙ্গলে পড়ে থাকলেও কেন কারও নজরে আসেনি? স্থানীয়রা নিয়মিত ওই জঙ্গলে গবাদিপশু চরাতে গেলেও আগে কেন দেহাবশেষ দেখতে পাননি? এসব প্রশ্ন ঘিরেই ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য।
ঘটনাটিকে ঘিরে কেউ কেউ পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করছেন। আবার আত্মহত্যার সম্ভাবনা নিয়েও এলাকায় আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত কোনও সম্ভাবনাকেই নিশ্চিত করে দেখার মতো প্রমাণ সামনে আসেনি।
সবচেয়ে বড় প্রশ্ন, নবনীতার মৃত্যু কীভাবে হলো? এটি আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য? ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক পরীক্ষার ফলাফল এবং পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব।
এক তরুণীর এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে মাইছড়া ঘাটিপাড়া এলাকায়। এখন পরিবারের পাশাপাশি এলাকাবাসীরও একটাই দাবি, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে নবনীতার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে সত্য সামনে আনুক পুলিশ।
