আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || লেম্বুছড়ায় অনুষ্ঠিত হতে চলেছে ১৬তম জোনাল ইয়ুথ ফেস্টিভ্যাল–২০২৬ (ইস্ট জোন–৪)। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একলব্য ক্যাম্পাসের উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরার লেম্বুছড়ার সিপাহীপাড়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই যুব উৎসব।
এই উৎসবে বিভিন্ন রাজ্যের মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-রও বেশি ছাত্রছাত্রী ও গাইড অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের লক্ষ্যে আয়োজিত এই উৎসবে থাকছে ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন প্রতিভা প্রদর্শনের কর্মসূচি।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর সকাল ১০টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিন দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে আগামী ২১ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান।
ইতিমধ্যেই এই উৎসবকে সফল করে তুলতে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই যুব উৎসবকে ঘিরে লেম্বুছড়ার একলব্য ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হতে চলেছে।
