পতিত জমিতে আদা চাষ করে ৪০ হাজার টাকা আয়ের সম্ভাবনা, কৃষি-বনায়নে নতুন দিশা গৌতমণি চাকমার

আপডেট প্রতিনিধি, চৈলেংটা, ১৬ নভেম্বর || পতিত ও অব্যবহৃত জমিকে কৃষিকাজের আওতায় এনে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন দিশা দেখাচ্ছে ইন্দো-জার্মান উন্নয়ন সহযোগিতায় বাস্তবায়িত IGDC-CREFLAT প্রকল্প। কৃষি-বনায়ন পদ্ধতিতে স্বল্পমেয়াদি ফসলের পাশাপাশি ফলদ ও বহুবর্ষজীবী গাছের চাষ করে গ্রামীণ জনজাতি পরিবারগুলির জীবিকার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন ধলাই জেলার চৈলেংটা রেঞ্জের লাবনছড়া ভিলেজ কমিটির অন্তর্গত এলাকার বাসিন্দা গৌতমণি চাকমা।
প্রকল্পের আওতায় প্রাপ্ত ০.৫ হেক্টর ব্যক্তিগত বনাধিকারভুক্ত পাট্টা জমিতে আদা চাষ করে ইতিমধ্যেই সফলভাবে ফসল সংগ্রহ করেছেন তিনি। উৎপাদিত আদা বিক্রি করে আনুমানিক ৪০ হাজার টাকা আয়ের আশা করছেন গৌতমণি। প্রকল্পের মাধ্যমে কৃষি-বনায়ন কার্যক্রম গ্রহণের পর এটিই তাঁর প্রথম আর্থিক প্রাপ্তি। তাঁর এই সাফল্য পতিত জমিকে উৎপাদনমুখী করে তোলার পাশাপাশি কৃষি-বনায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সম্ভাবনাকে তুলে ধরেছে।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবর্ষে গৌতমণি চাকমার ০.৫ হেক্টর জমিতে কৃষি-বনায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য ৫৪ হাজার ৭৯৬ টাকা অনুমোদন করা হয়। প্রকল্পের অধীনে তাঁকে ২০৮টি সুপারি চারা, ১০০টি কলাগাছ, ৫১টি পেয়ারা চারা, ৪ হাজারটি আনারসের চারা এবং আদা চাষের জন্য ১০০ কেজি বীজ সরবরাহ করা হয়। আদা চাষ থেকে ইতিমধ্যেই আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দিনে অন্যান্য ফলদ ও বহুবর্ষজীবী গাছগুলি পরিণত হলে পরিবারের আয়ের আরও একাধিক পথ খুলে যাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ত্রিপুরা সরকারের বন দপ্তরের অধীনে বাস্তবায়িত ইন্দো-জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন প্রকল্পের অন্তর্গত ক্লাইমেট রেজিলিয়েন্ট ফরেস্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট (IGDC-CREFLAT) প্রকল্পের মূল লক্ষ্য হলো বনাধিকার আইন, ২০০৬-এর অধীনে স্বীকৃত ব্যক্তিগত বনাধিকারভুক্ত জমিতে কৃষি-বনায়নের প্রসার ঘটানো। এই প্রকল্পে স্থানীয় পরিবেশ ও উপভোক্তাদের চাহিদার ভিত্তিতে তিন-স্তর ও চার-স্তরবিশিষ্ট কৃষি-বনায়ন মডেল অনুসরণ করা হচ্ছে। মাটির নিচে আদা, হলুদ ও ওল; জমিতে আনারস, ধান, শাকসবজি ও ডালজাতীয় ফসল; মধ্যস্তরে লেবু, পেয়ারা, পেঁপে ও কলা এবং দীর্ঘমেয়াদি স্তরে সুপারি, আগর, কাঁঠাল ও আমের মতো গাছ লাগানোর ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও বায়োফার্টিলাইজার ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, কৃষি-বনায়ন কার্যক্রমের মোট লক্ষ্যমাত্রা ২,৫০০ হেক্টর জমি। এর মধ্যে এখনও পর্যন্ত ধলাই ও উত্তর ত্রিপুরা জেলার ১২টি রেঞ্জে ২,৫২৩ জন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করে মোট ১,৩৪১.৫ হেক্টর জমিতে কৃষি-বনায়ন বাগান সৃজনের কাজ সম্পন্ন হয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৫৪ শতাংশ।
এই পদ্ধতিতে একদিকে যেমন স্বল্পমেয়াদি ফসল থেকে দ্রুত আয়ের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে ফলদ ও বহুবর্ষজীবী গাছগুলি ভবিষ্যতে পরিবারের স্থায়ী সম্পদ হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে ফসলের বৈচিত্র্য পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে। উৎপাদিত ফসলের সমবায়ভিত্তিক সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং স্থানীয় প্রতিষ্ঠান ও ফার্ম অ্যান্ড ফরেস্ট প্রোডাক্টস সেন্টারের (FFPC) মাধ্যমে বাজার সংযোগ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এর ফলে উপভোক্তারা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য বাজারমূল্য পাওয়ার সুযোগ পাবেন।
IGDC-CREFLAT প্রকল্পের CEO ও Project Director এস. প্রভু, IFS-এর সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। ধলাই জেলার District Project Director সঙ্গীতা আবা খাটাল, IFS এবং মনু Forest Sub-Division-এর Additional Project Director অনুরাগ চক্রবর্তী, TFS-এর তত্ত্বাবধান ও সহযোগিতায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। চৈলেংটা রেঞ্জের লাবনছড়া বিটের অধীনে মনু বন মহকুমায় এই কৃষি-বনায়ন উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
গৌতমণি চাকমার এই সাফল্য বনাধিকারভুক্ত জমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে কীভাবে গ্রামীণ পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব, তারই একটি ইতিবাচক দৃষ্টান্ত। প্রকল্প কর্তৃপক্ষ আগামী দিনেও উপভোক্তাদের সক্রিয় অংশগ্রহণ, চারার যথাযথ পরিচর্যা, গাছের বেঁচে থাকার হার ও উৎপাদন পর্যবেক্ষণ এবং উপযুক্ত বাজার সংযোগের ওপর বিশেষ গুরুত্ব দিতে চায়। লক্ষ্য শুধু বাগান সৃজন নয়, বরং বনাঞ্চল সংলগ্ন এলাকার মানুষের জীবিকায় দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*