জে. বি. স্কুল অফ ফাইন আর্টসের রজতজয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠান, তিন দিনব্যাপী চিত্রপ্রদর্শনী ‘ভারত গাথা’

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || শিল্প ও সংস্কৃতির বর্ণময় পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো জে. বি. স্কুল অফ ফাইন আর্টসের রজতজয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠান। এই উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দলীয় চিত্রপ্রদর্শনী ‘ভারত গাথা’ ঘিরে শিল্পী, শিক্ষার্থী ও শিল্পপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
১৫ থেকে ১৭ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজিত এই প্রদর্শনীতে নার্সারি স্তরের শিক্ষার্থী থেকে শুরু করে প্রবীণ শিল্পীদের প্রায় ৩০০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। জে. বি. স্কুল অফ ফাইন আর্টসের উদ্যোগে এটি তৃতীয় দলীয় চিত্রপ্রদর্শনী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। ফিতা কেটে প্রদর্শনী কক্ষের উদ্বোধনের পর তাঁরা বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন। পরবর্তীতে প্রেক্ষাগৃহে শুরু হয় মূল অনুষ্ঠান। উদ্বোধনী নৃত্য পরিবেশন করে ‘তনুশ্রী ক্রিয়েশন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়, ত্রিপুরার উপাচার্য অধ্যাপক (ড.) রতন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী তথা মুম্বইয়ের আর্টিস্টস সেন্টারের চেয়ারম্যান প্রকাশ বাল যোশী, ললিতকলা আকাদেমি, নয়াদিল্লির সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য সুমন মজুমদার। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি চারুকলা ও কারুশিল্প মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট হাসপাতালের অ্যানাস্থেসিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অধ্যাপক এবং দীপক-ইরা মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ড. দীপা চক্রবর্তী।
জে. বি. স্কুল অফ ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা সদস্য জয়দীপ ভট্টাচার্য অতিথিদের বরণ করে নেন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। স্বাগত ভাষণে তিনি প্রতিষ্ঠানের দীর্ঘ ২৫ বছরের শিল্পচর্চা ও পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে শিল্পশিক্ষার গুরুত্ব, সৃজনশীলতার বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্পচর্চার প্রসারে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দীপক-ইরা বৃত্তি প্রদান। দীপক-ইরা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন ছাত্র ও একজন ছাত্রীকে দুই বছরের জন্য মোট ৫০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ বছর বৃত্তিপ্রাপক শিক্ষার্থীরা হলেন আর্য কলোনি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের তন্ময় সরকার এবং পিএম শ্রী মেলাঘর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের তৃষা পাল। ড. দীপা চক্রবর্তী তাঁদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন।
পাশাপাশি, উদীয়মান প্রতিভাবান চিত্রশিল্পীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে জে. বি. স্কুল অফ ফাইন আর্টসের পক্ষ থেকে প্রতিবছরের মতো এ বছরও ‘ইয়ং ট্যালেন্ট অ্যাওয়ার্ড’, ‘দেবীরায় স্মৃতি পুরস্কার’ এবং ‘সোমা স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান ও ‘ভারত গাথা’ চিত্রপ্রদর্শনীকে কেন্দ্র করে শিল্পী, শিক্ষার্থী এবং শিল্পানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। প্রতিষ্ঠানের ২৫ বছরের গৌরবময় শিল্পযাত্রার এই বিশেষ অধ্যায় আগামী দিনে নতুন প্রজন্মকে শিল্প ও সৃজনশীলতার জগতে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*