শান্তিরবাজারে মহকুমাভিত্তিক জনজাতি গৌরব দিবস উদযাপন, সম্মাননা প্রদান কৃতী জনজাতি ব্যক্তিত্বদের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ নভেম্বর || ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার বিকেল ৩টায় তৈকর্ম টিআরপি অ্যান্ড পিটিজি দপ্তরের মাঠে অনুষ্ঠিত হলো শান্তিরবাজার মহকুমাভিত্তিক জনজাতি গৌরব দিবস। শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, টিটিএএডিসির এক্সিকিউটিভ মেম্বার কেনারাম রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক দীপিকা গৌতম (আইএএস), বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট (ডিসিএম) সৈয়ফ উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, স্বাধীনতা সংগ্রামীদের কথা উঠলে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঝাঁসির রানি লক্ষ্মীবাই, মহাত্মা গান্ধীসহ একাধিক ব্যক্তিত্বের নাম সাধারণ মানুষের মনে আসে। কিন্তু ভগবান বিরসা মুন্ডার অবদান ও আত্মত্যাগ সম্পর্কে অনেকেই যথেষ্ট অবগত নন। তাঁর বক্তব্য, কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভগবান বিরসা মুন্ডার জীবন ও সংগ্রামকে দেশজুড়ে আরও ব্যাপকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার তাঁর জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করছে। সেই ধারাবাহিকতায় শান্তিরবাজার মহকুমাতেও দিনটি মর্যাদার সঙ্গে উদযাপন করা হচ্ছে।
অন্যদিকে, বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ভগবান বিরসা মুন্ডার জীবন, সংগ্রাম ও বিভিন্ন অবদানের দিকগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। কেন তাঁর জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হয়, তা নিয়েও আলোচনা করেন তিনি। পাশাপাশি জনজাতি সমাজের সার্বিক উন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ এবং উন্নয়নমূলক কর্মসূচির বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মহকুমার কৃতী জনজাতি ব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারপ্রাপ্ত রাজু মগ, বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক তংস্রন্তি রিয়াং, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরেশ চন্দ্র ত্রিপুরা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিত্য গোপাল ত্রিপুরা এবং কৃষি আধিকারিক অজয় ত্রিপুরা। তাঁরা প্রত্যেকেই শান্তিরবাজার মহকুমার বাসিন্দা।
এছাড়াও অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনজাতি সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসকে তুলে ধরার মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*