আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || টেকনিক্যাল সমস্যার কারণে ত্রিপুরা শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা (T-TET) ২০২৬-এর অনলাইন আবেদন প্রক্রিয়ার সময়সূচিতে পরিবর্তন আনল টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা (TRBT)। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে বোর্ড।
TRBT-র নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, T-TET ২০২৬-এর পেপার-১ ও পেপার-২-এর জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৪টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনপত্র পূরণ ও চূড়ান্তভাবে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যদিকে, পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে ১১ ডিসেম্বর, ২০২৬।
উল্লেখ্য, এর আগে গত ৩০ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে T-TET ২০২৬-এর আবেদন সংক্রান্ত যে সময়সূচি ঘোষণা করা হয়েছিল, তা আংশিক সংশোধন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষার অন্যান্য নিয়ম, শর্তাবলি ও নির্দেশিকা অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে TRBT।
বোর্ডের কন্ট্রোলার অব এক্সামিনেশনস ড. কার্তিক লাল ভৌমিকের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর পরীক্ষার্থীদের মধ্যে নতুন সময়সূচি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি পরীক্ষার ফি জমা দেওয়ার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
