গোপাল সিং, খোয়াই, ১৬ নভেম্বর || ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী তথা ‘জাতীয় জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষ্যে আজ খোয়াই চা বাগান উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য জনজাতীয় গৌরব উৎসবের আয়োজন করা হয়। জনজাতি সমাজের বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপনের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, সভাপতি, বিজেপি খোয়াই জেলা কমিটি সমীর কুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি তথা ধলাই জেলা প্রভারী সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। এই জনজাতীয় গৌরব উৎসবে দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার জীবনদর্শন ও দেশের স্বাধীনতায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয় এবং জনজাতি সমাজের সর্বাঙ্গীন উন্নয়নে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের রূপায়ন নিয়ে আলোচনা করা হয়।
