আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নেমে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী রুমা বনিক। প্রচার চলাকালীন উন্নয়ন সংঘ এলাকার বাসিন্দাদের একাংশ পুর নিগমের পরিষেবা ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে একাধিক অভিযোগ জানান।
বাসিন্দাদের অভিযোগ, পুর নিগমের তরফে অস্বাভাবিক হারে কর ধার্য করা হচ্ছে। অথচ নিয়মিতভাবে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। পাশাপাশি বিভিন্ন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। এমনকি অনেক যোগ্য ব্যক্তিও প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত রয়েছেন বলে দাবি স্থানীয়দের।
এদিনের নির্বাচনী প্রচারে বামফ্রন্ট প্রার্থী রুমা বনিকের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম) ডুকলি মহকুমা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সৃজন দেব, দলের নেতা তমাল দাস, নবগোপাল পাল, কার্তিক বনিক, সুদীপ পাল, সুরজিৎ রায়, যুব নেতা শুভঙ্কর চৌধুরীসহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকরা।
প্রচারের মধ্য দিয়ে এলাকার নাগরিক সমস্যাগুলি তুলে ধরার পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বামফ্রন্টের প্রার্থী ও দলীয় নেতৃত্ব।
