সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ নভেম্বর || সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ফের গুরুতর অভিযোগ উঠল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। প্রসব যন্ত্রণায় কাতর এক গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করানোর পরও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। দীর্ঘক্ষণ যন্ত্রণায় ছটফট করার পরও চিকিৎসার যথাযথ উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত ওই মহিলাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসেন তাঁর আত্মীয়স্বজনেরা। রবিবার সন্ধ্যা প্রায় পৌনে আটটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার বিবরণে জানা যায়, বহিরাজ্যের বাসিন্দা তথা ইটভাটার শ্রমিক চনচন দেবী প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়লে তাঁর আত্মীয়স্বজনেরা তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তীব্র প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। বারবার চিৎকার করে চিকিৎসার জন্য আকুতি জানালেও কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তরফে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে দাবি পরিবারের সদস্যদের।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ওই মহিলা দিনমজুর পরিবারের সদস্য হওয়ায় এবং তাঁর পোশাক-পরিচ্ছদ অপরিচ্ছন্ন থাকায় চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। এমনকি শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার অজুহাতেও তাঁকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পরিবারের সদস্যদের দাবি, সকালে চনচন দেবীকে হাসপাতালে নিয়ে আসার সময় সেখানে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবশ্রী দাস উপস্থিত ছিলেন। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ ইমার্জেন্সি বিভাগে অন্য এক স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকও দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। তা সত্ত্বেও প্রসব যন্ত্রণায় কাতর একজন মহিলার চিকিৎসার ক্ষেত্রে কেন সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলো না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ চরমে পৌঁছালে আত্মীয়স্বজনেরা ওই মহিলাকে হাসপাতাল থেকে বের করে এনে হাসপাতালের সামনেই অবস্থান করেন। প্রসব যন্ত্রণায় কাতর অবস্থায় তাঁর চিৎকারে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ঘটনাটি সাংবাদিকদের নজরে আসার পর তাঁরা বিষয়টি ফোন মারফত তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে তুলে ধরেন। অভিযোগ পাওয়ার পর স্বাস্থ্য দফতরের তৎপরতায় অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। পরবর্তীতে ওই গর্ভবতী মহিলাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি স্বাস্থ্য পরিষেবার ভূমিকা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে একজন রোগীর আর্থিক অবস্থা, পেশা কিংবা পোশাক-পরিচ্ছদ কি কোনওভাবেই বিবেচ্য হতে পারে? প্রসব যন্ত্রণায় কাতর একজন মহিলাকে কেন সময়মতো চিকিৎসা পরিষেবা দেওয়া হলো না? হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো?
সরকারি স্বাস্থ্য পরিষেবার মূল লক্ষ্যই হলো সমাজের প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেখানে একজন দিনমজুর পরিবারের গর্ভবতী মহিলাকে ঘিরে ওঠা এই ধরনের অভিযোগ নিঃসন্দেহে উদ্বেগজনক। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার পাশাপাশি চিকিৎসা পরিষেবা প্রদানে কোনও ধরনের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এই ঘটনায় স্বাস্থ্য দফতর কী পদক্ষেপ গ্রহণ করে।
