সেতু ভেঙে গভীর খাদে যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৬, আহত প্রায় ২০

জাতীয় ডেস্ক, উত্তরাখণ্ড, ১৭ নভেম্বর || ফের মর্মান্তিক বাস দুর্ঘটনায় কেঁপে উঠল উত্তরাখণ্ড। তেহরি গাড়ওয়াল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ায় প্রাণ হারালেন অন্তত ৬ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গুলার বাজারের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। আচমকাই বাসটি সেতু থেকে নীচের গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।
দুর্ঘটনাস্থলের দুর্গম পরিস্থিতির মধ্যেই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। ইতিমধ্যে প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি খাদে ও নীচের জলাশয়ে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। মর্মান্তিক এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*