সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সীমান্তে প্রবেশ, আগ্নেয়াস্ত্রসহ বিজিবির হাতে আটক বিএসএফ জওয়ান, চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ, ১৭ নভেম্বর || আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের অভিযোগে এক বিএসএফ জওয়ানকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টা নাগাদ আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) জওয়ানদের। এরপরই তাঁকে আটক করা হয়। ওই বিএসএফ সদস্যের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রও ছিল বলে জানা গেছে।
আটকের পর নিরাপত্তার স্বার্থে তাঁকে মোটরসাইকেলে করে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি জানাজানি হতেই সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক বিএসএফ সদস্য এবং তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অসাবধানতাবশত বা ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে থাকতে পারেন ওই জওয়ান।
অন্যদিকে, আটক বিএসএফ সদস্যের পরিচয় ও সীমান্ত অতিক্রমের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আটক জওয়ানকে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্তে এ ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। তবে এই ঘটনায় সীমান্ত এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*