তেলিয়ামুড়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভা ও রোড শো

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ নভেম্বর || আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার নির্বাচনী জনসভা ও রোড শোতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন তেলিয়ামুড়া শহরজুড়ে আয়োজিত রোড শোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, কল্যাণপুর-প্রমোদনগরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব। রোড শোকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পরবর্তী সময়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলির ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, জনসমর্থন হারিয়ে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় বিরোধীরা এখন নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসছে। অথচ অতীতে বামফ্রন্টের শাসনামলে এই রাজ্যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, খুন ও সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, আজ সেই বিরোধীরাই গণতন্ত্রের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে ত্রিপুরার মানুষ অতীতের সেই দিনগুলির কথা ভোলেননি বলেও মন্তব্য করেন তিনি।
এদিনের জনসভা থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের বিজেপি মনোনীত সকল প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। জনসভা ও রোড শোতে বিজেপির কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রাজ্যে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*