সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ নভেম্বর || সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। এবার অনেকটাই কমল ক্যান্সারের ওষুধের দাম। ক্যান্সারের চিকিৎসাকে আরও সুলভ ও সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে সরকারের উদ্যোগে ওষুধের দামে বড়সড় হ্রাস করা হয়েছে। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তেলিয়ামুড়ায় বিশেষ প্রচার ও সচেতনতামূলক অভিযান চালানো হয়।
ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট এবং অফিস অফ দ্য ডেপুটি ড্রাগ কন্ট্রোলার, ত্রিপুরা সরকারের উদ্যোগে ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেলিয়ামুড়ার বিভিন্ন ওষুধের দোকানে এই কর্মসূচি পরিচালনা করে। অভিযানের অঙ্গ হিসেবে প্রতিটি ওষুধের দোকানে পোস্টার লাগিয়ে ক্যান্সারের ওষুধের মূল্য হ্রাস সম্পর্কে সাধারণ মানুষ ও ক্রেতাদের সচেতন করা হয়।
এদিন এক সাক্ষাৎকারে ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস জানান, সরকারের এই উদ্যোগের ফলে ক্যান্সারের একাধিক জীবনদায়ী ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একসময় যে ওষুধগুলির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, এখন সেগুলি অনেক বেশি সুলভ মূল্যে পাওয়া যাবে। তিনি জানান, কিছু ওষুধের সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য (MRP) ৯৬.৪৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
এই মূল্য হ্রাসের ফলে প্রতিবছর ক্যান্সার আক্রান্ত রোগীদের মোট ৩,৫৪০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানানো হয়েছে। সরকারের এই পদক্ষেপ ক্যান্সার আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারের চিকিৎসার আর্থিক বোঝা অনেকটাই কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
ক্যান্সারের মতো মারণব্যাধির চিকিৎসায় ওষুধের আকাশছোঁয়া দাম বহু পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই পরিস্থিতিতে ওষুধের মূল্য হ্রাসের এই উদ্যোগ নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে এক বড় স্বস্তির বার্তা।
