আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || বক্সনগরের আশাবাড়িতে বিএসএফ জওয়ানদের উপর হামলা এবং রাইফেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে আরও দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছে। ধৃতরা হল কাউসার আহমেদ ও তার বোন শিউলি আক্তার। মঙ্গলবার ভোররাতে কলমচৌড়া থানার পুলিশ তাদের গ্রেফতার করে। এই দু’জনকে নিয়ে ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪।
উল্লেখ্য, গত ২ নভেম্বর আশাবাড়ি এলাকায় পাচারকারীদের হামলার মুখে পড়েন বিএসএফ জওয়ানরা। সেই সময় জওয়ানদের উপর সংঘবদ্ধ আক্রমণের পাশাপাশি তাঁদের রাইফেল ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। তদন্তের অগ্রগতিতে এর আগে ২২ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার ২৩ ও ২৪ নম্বর অভিযুক্ত হিসেবে পুলিশের জালে ধরা পড়ল কাউসার ও শিউলি।
পুলিশের হাতে থাকা ঘটনার ভিডিও ফুটেজে কাউসার আহমেদকে লাঠি হাতে বিএসএফ জওয়ানদের উপর হামলা চালাতে দেখা গিয়েছে বলে অভিযোগ। পাশাপাশি শিউলি আক্তারের বিরুদ্ধেও এক বিএসএফ জওয়ানকে মাথা ও পায়ে আঘাত করার অভিযোগ উঠেছে। ভিডিও ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ধৃত কাউসার ও শিউলির সঙ্গে স্থানীয় রাজনৈতিক পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ২০ বছর আগে শিউলি আক্তারের বিয়ে হয় বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং থানার পাচুড়া গ্রামে। পরবর্তীতে স্বামীর বাড়ি ছেড়ে তিনি পিতৃগৃহে ফিরে আসেন। তাঁর স্বামী বর্তমানে অবৈধভাবে চেন্নাইয়ে অবস্থান করছেন বলেও দাবি করা হয়েছে। এছাড়া গত এক বছরে শিউলি আক্তারের বিরুদ্ধে কলমচৌড়া থানায় চারটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
ধৃত দুই অভিযুক্তকে মঙ্গলবার সোনামুড়া আদালতে পেশ করেছে কলমচৌড়া থানার পুলিশ। বক্সনগরের এই চাঞ্চল্যকর ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।
